দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে   ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি হলো। আলোচিত এই সম্পর্ক বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক রূপ পেল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন রাফসান সাবাব নিজেই। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’

 ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আজ অনুষ্ঠিত হলো বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত ছিলেন। 

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন রাফসান ও জেফার। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে তারা দুজনই ছিলেন নীরব। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে এড়িয়ে চলেছেন। প্রায় এক বছর আগে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। 

২০২৪ সালের ১৫ নভেম্বর  ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়।  ফুডশপের ভেতরে তোলা দুজনের কিছু ছবি  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়।

এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে জেফার জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে কিছুই বলার নেই। তিনি আরও জানান, বিয়ে না করলেও মানুষ তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাই এসব বিষয়ে আর কিছু বলার নেই। যার যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করেন না বলেও তখন মন্তব্য করেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে। 

রাফসান সাবাব তার উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র গায়কী ও স্টাইলের জন্য পরিচিত। সকালে গায়েহলুদ, দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো তাঁদের নতুন অধ্যায়। 

এমআর/আরটিএনএন