শাকিব খান , নুসরাত ফারিয়া
শাকিব খান ও নুসরাত ফারিয়া I   ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে শোবিজ পাড়ায় একসময় কম জলঘোলা হয়নি। পর্দায় মাত্র একটি সিনেমায় (শাহেনশাহ) জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো এবং বিভিন্ন ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের মনে সন্দেহের দানা বেঁধেছিল। অনেকেরই প্রশ্ন ছিল—শাকিবের সঙ্গে কি তবে গোপনে প্রেমে মজেছিলেন ফারিয়া? অবশেষে সেই পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

‘শাকিব খানের সঙ্গে কখনো প্রেমের সম্পর্ক ছিল না’

পডকাস্টে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।” তার এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত জল ঢেলে দেয়া হলো।

‘শাহেনশাহ’ সিনেমার পর কেন আর এই জুটিকে বড় পর্দায় দেখা গেল না—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও ধোঁয়াশা। তিনি বলেন, “এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।” 

পডকাস্টে ফারিয়া শুধু শাকিব প্রসঙ্গই নয়, নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং দুই দিনের কারাবন্দি জীবনের লোমহর্ষক অভিজ্ঞতার কথাও শেয়ার করেন।

নুসরাত বলেন, নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসার চেয়ে নিজের আত্মসম্মান ও ভালো থাকা নিশ্চিত করা বেশি জরুরি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজের জীবনের নানা অজানা দিক ও দর্শনের কথা শেয়ার করেছেন। জৌলুসপূর্ণ তারকা জীবনের আড়ালে থাকা চড়াই-উতরাইয়ের গল্প শোনাতে গিয়ে তিনি জানান, জীবনের কঠিন সময়গুলোই তাকে প্রকৃত বন্ধু চিনতে শিখিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন আর কে পর।’ শুক্রবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, জীবন থেকে নেওয়া এসব অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে তিনি পডকাস্টের এই দীর্ঘ আড্ডায় সরব ছিলেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

পডকাস্টের এই আয়োজনে ফারিয়া তার নাম নিয়ে এক চমকপ্রদ তথ্য দিয়ে জানান যে, নুসরাত জাহান ফারিয়া তার পরিচিতি হলেও মা ভালোবেসে তার ডাকনাম রেখেছিলেন ‘সেতু’ এবং ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত। সম্পর্কের ক্ষেত্রে তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আবারও মনে করিয়ে দেন যে, নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসার চেয়ে নিজের আত্মসম্মান ও ভালো থাকা নিশ্চিত করা বেশি জরুরি। সঙ্গীকে উপহার হিসেবে কেবল গোলাপ দেয়ার চেয়ে প্রতিদিনের সম্মান প্রদর্শনই তার কাছে মুখ্য এবং সেই দর্শনে তিনি আজও অবিচল রয়েছেন। প্রেম ও বিয়ে নিয়ে সমসাময়িক নানা ভাবনার পাশাপাশি যাপিত জীবনের কঠোর বাস্তবতার চিত্র ফুটে উঠেছে তার এই আলাপচারিতায়।

জেড আই ফয়সালের প্রযোজনায় ১০০ মিনিট ব্যাপ্তির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে সম্প্রচারিত হয়েছে। গ্ল্যামার জগতের বাইরে একজন ব্যক্তি হিসেবে নুসরাত ফারিয়ার দৃষ্টিভঙ্গি এবং তার জীবনের গূঢ় অনুভুতিগুলোই মূলত এই অনুষ্ঠানের মূল উপজীব্য হয়ে উঠেছে। জীবনের কঠিন পথ পাড়ি দিয়ে আজ তিনি যেখানে পৌঁছেছেন, সেই লড়াইয়ের পেছনের সত্যগুলোই ভক্তদের জন্য উন্মোচন করেছেন এই চিত্রনায়িকা।