বলিউডে আলিয়া–প্রিয়াঙ্কা নিয়ে গুঞ্জন।
বলিউডে আলিয়া–প্রিয়াঙ্কা নিয়ে গুঞ্জন।   ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে। গুঞ্জন উঠেছে, ‘হাউজ ওয়াইফ’ শিরোনামের নতুন একটি সিনেমায় দেখা যেতে পারে আলিয়াকে। তবে এতে অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই নেই বরং ব্যস্ত সময়ই পার করছেন এই অভিনেত্রী।

সূত্রের খবর, যশরাজ স্পাইভার্সের আসন্ন সিনেমা ‘আলফা’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। পাশাপাশি সঞ্জয় লীলা বানশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজেও তিনি যুক্ত রয়েছেন। এ ছাড়া আরও একটি নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার কথাও শোনা যাচ্ছে।

এরই মধ্যে ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক অভিষেক পাঠকের পরবর্তী সিনেমা ‘হাউজ ওয়াইফ’-এ আলিয়ার নাম উঠে এসেছে। ছবিটিতে তার বিপরীতে থাকতে পারেন অভিনেতা রাজকুমার রাও। গল্প অনুযায়ী, দুজনকে দেখা যাবে বিচ্ছিন্ন এক দম্পতির চরিত্রে। সবকিছু চূড়ান্ত হলে, এটিই হবে তাদের প্রথম একসঙ্গে কাজ।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর বলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ‘কৃষ ৪’ ও ‘ডন ৩’ ছবিতেও তাকে দেখা যেতে পারে এমন গুঞ্জনও চলছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, এসব বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না। তবে তিনি স্বীকার করেন, ‘বারাণসী’ ছবির হাত ধরেই প্রায় ছয় বছর পর বলিউডে ফিরছেন তিনি।

সিমু/আরটিএনএন