কর ফাঁকির মামলায় দেড় কোটি জরিমানা বহাল থালাপতি বিজয়ের।
কর ফাঁকির মামলায় দেড় কোটি জরিমানা বহাল থালাপতি বিজয়ের।   ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের সময়টা যেন ভালো যাচ্ছে না। সিনেমা ও রাজনীতি দু’মুখী ব্যস্ততার মাঝেই এবার কর ফাঁকির মামলায় বড় ধাক্কা খেলেন এই অভিনেতা। কর ফাঁকির অভিযোগে তাঁর ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট। খবরটি জানায় টাইমস অব ইন্ডিয়া। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এ সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫–১৬ অর্থবর্ষে আয়ের তথ্য গোপনের অভিযোগে আয়কর বিভাগের নেওয়া সিদ্ধান্ত আইনসঙ্গত।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগ বিজয়ের বাসভবনে তল্লাশি চালায়। তদন্তে উঠে আসে, ওই অর্থবছরে আয়কর রিটার্নে তিনি ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও সিনেমা ‘পুলি’ থেকে অর্জিত প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে উল্লেখ করা হয়নি। আয়কর বিভাগ এই অর্থকে গোপন আয় হিসেবে চিহ্নিত করে।

এরপর ২০১৮ সালে উক্ত আয়ের ভিত্তিতে বিজয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করা হয়। এই জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তাঁর আইনজীবীরা দাবি করেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর নোটিশ পাঠানো হয়েছে, ফলে জরিমানা আইনবিরুদ্ধ। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি।

বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা অনুযায়ীই যথাসময়ে নোটিশ দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিয়ম মেনেই। ফলে আয়কর বিভাগের অর্থ আদায়ে আর কোনো আইনগত বাধা নেই।

তবে বিজয়ের জন্য সব পথ বন্ধ হয়ে যায়নি। আদালত উল্লেখ করেছে, চাইলে তিনি এই রায়ের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

এদিকে বিজয়ের নতুন ছবি ‘জননায়গণ’ নিয়েও অনিশ্চয়তা কাটেনি। সেন্সর ছাড়পত্র ও আইনি জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। ফলে ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই চাপে রয়েছেন এই জনপ্রিয় তারকা।

সিমু/আরটিএনএন