আরিফিন শুভ–মন্দিরার সিনেমা নতুন নামে ইউটিউবে! বিভ্রান্তিতে দর্শকরা।
আরিফিন শুভ–মন্দিরার সিনেমা নতুন নামে ইউটিউবে! বিভ্রান্তিতে দর্শকরা।   ছবি: সংগৃহীত

ঢালিউড তারকা আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর অভিনীত সিনেমা ‘নীলচক্র’ নিয়ে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কারণ, সিনেমাটি নতুন নামে ইউটিউবে প্রকাশ পাওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন দর্শকরা।

সম্প্রতি ইউটিউবে ‘চক্রব্যূহ’ শিরোনামে প্রায় দুই ঘণ্টার একটি সিনেমা আপলোড করা হলে অনেকেই এটিকে শুভ–মন্দিরা জুটির নতুন কাজ ভেবে দেখতে শুরু করেন। তবে কিছু সময় পরই স্পষ্ট হয়, এটি আসলে গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমারই সম্পাদিত ও রূপান্তরিত সংস্করণ।

জানা গেছে, এই সংস্করণে সিনেমাটির ভাষা বদলে কলকাতার ধাঁচে ডাবিং করা হয়েছে। পাশাপাশি কিছু দৃশ্যেও আনা হয়েছে পরিবর্তন। এমন অপ্রত্যাশিত ঘটনায় দর্শকদের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও প্রশ্ন উঠেছে তবে কি সিনেমাটির কপিরাইট হস্তান্তর করে নতুন নামে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে?

এ বিষয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’-এর পরিচালক মিঠু খান পুরো বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, ইউটিউবে এমন কোনো সংস্করণ প্রকাশের ব্যাপারে তিনি বা প্রযোজনা সংস্থা কেউই অবগত নন।

ভিডিওটি দেখার পর পরিচালক বলেন, কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা সিনেমাটির কপিরাইট বিক্রি করিনি। আমাদের অজান্তে কে বা কারা এটি প্রকাশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিঠু খান আরও জানান, সিনেমাটির ডিজিটাল কপি পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে থাকার কথা নয়। তবে পোস্ট-প্রোডাকশনের কাজ কলকাতায় হওয়ায় সেখানে একটি কপি সংরক্ষিত ছিল। তার ধারণা, ল্যাবের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সুযোগ নিয়ে অনুমতি ছাড়া সিনেমাটি অনলাইনে প্রকাশ করেছে।

তিনি বলেন, এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিমু/আরটিএনএন