রাজনীতির গল্প নিয়ে ‘ঢাকা ২৬’।
রাজনীতির গল্প নিয়ে ‘ঢাকা ২৬’।   ছবি: সংগৃহীত

একটি রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ঢাকা ২৬’। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি রাজনীতির অন্দরমহলের দ্বন্দ্ব ও মানবিক টানাপোড়েন তুলে ধরবে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন ক্ষমতাধর রাজনীতিবিদের দুই ঘনিষ্ঠ কর্মীকে ঘিরে। কে হবে নেতার সবচেয়ে বিশ্বস্ত, কে নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যাবে এই প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় বিরোধ। সেই দ্বন্দ্ব আরও জটিল হয়ে ওঠে যখন দুজনের জীবনে আসে এক নারী। প্রেমের সমীকরণ রাজনীতির সংঘাতের সঙ্গে মিশে গিয়ে পরিস্থিতিকে ঠেলে দেয় চরম পরিণতির দিকে।

এশা রহমান প্রযোজিত এই নাটকটি শিগগিরই এটিভি ইউএসএর পর্দায় প্রচারিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন ও জ্যাক সজলসহ আরও অনেকে। নাটকটিতে অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণ রয়েছে।

প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের সংঘাত নিয়ে নির্মিত ‘ঢাকা ২৬’ দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিমু/আরটিএনএন