তরুণীকে আটকে ধর্ষণের অভিযোগে ভারতীয় ইউটিউবার রিমান্ডে
তরুণীকে আটকে ধর্ষণের অভিযোগে ভারতীয় ইউটিউবার রিমান্ডে   ছবি: সংগৃহীত

কলকাতায় এক তরুণীকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শমীক অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আলিপুর আদালতে শুক্রবার পেশ করা হলে সরকারি আইনজীবী জানান, শমীক ওই তরুণীকে কয়েকদিন ধরে বন্দি রেখে নির্যাতন চালিয়েছেন। বাধা দিলে তাকে মারধর করা হতো। ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং চোখের নিচে কালচে দাগ পাওয়া গেছে। এছাড়া বারবার ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। ভুক্তভোগী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন।

অভিযুক্ত শমীর আইনজীবী আদালতে দাবি করেন, তরুণীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্ক থাকলেও তা উভয়ের সম্মতিতে হয়েছে। তবে আদালত আঘাতের চিহ্ন দেখে জামিন আবেদন নামঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি বেহালা থানায় এই অভিযোগ দায়ের হয় এবং রাতে গ্রেফতার করা হয় শমীককে। আদালত শুনানি শেষে তাকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

সিমু/আরটিএনএন