মাতৃত্বকে  জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন রাশমিকা।
মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন রাশমিকা।   ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেয়েছে রাজস্থানের উদয়পুরের জমকালো বিয়েতে। বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশমিকার ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সংসার ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন এই ‘ন্যাশনাল ক্রাশ’।

সাক্ষাৎকারে রাশমিকা জানান, মাতৃত্বকে তিনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। তিনি বলেন, “শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে আমার। আমি বিশ্বাস করি, সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে।”

গ্ল্যামার জগতের ব্যস্ততাকে পাশ কাটিয়ে রাশমিকা সাফ জানান, মা হওয়ার পর তার কাছে ক্যারিয়ারের চেয়ে সন্তানই হবে সবার আগে। অভিনেত্রীর ভাষ্যমতে, “সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে বড় ছাড় দিতেও আমি পিছপা হব না।” মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার।

বিজয়-রাশমিকা জুটির বিয়ের পর থেকেই ভক্তদের মনে কৌতূহল ছিল তাদের আগামী দিনগুলো নিয়ে। রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট যে, তিনি এখন থেকেই সংসার গুছিয়ে নেওয়ার এবং মাতৃত্বের স্বাদ গ্রহণের স্বপ্ন দেখছেন।

রাশমিকার এই সাহসী ও পারিবারিক সিদ্ধান্ত ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেক অনুরাগীই সামাজিক মাধ্যমে তাদের আগামীর সুখী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

বর্তমানে এই তারকা দম্পতি তাদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রেখে দারুণ সময় পার করছেন।

রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ‘গীত গোবিন্দম’ ছবির সেট থেকে। পরবর্তী সময়ে ‘ডিয়ার কমরেড’-এ তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। যদিও প্রকাশ্যে কখনো সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা, একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও ভ্রমণই ইঙ্গিত দিয়েছিল ঘনিষ্ঠতার।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে যায় বিজয়–রাশমিকার টাইমলাইন। ভক্তদের দেওয়া নাম ‘বিরশ’ এখন আনুষ্ঠানিক দম্পতির পরিচয়।

এমআর/আরটিএনএন