স্পাইডারম্যান-খ্যাত টম হল্যান্ড ও জেনডায়া এখন বিবাহিত দম্পতি!
স্পাইডারম্যান-খ্যাত টম হল্যান্ড ও জেনডায়া এখন বিবাহিত দম্পতি!   ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউডের জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেনডায়া। বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই ‘স্পাইডারম্যান’ জুটি লোকচক্ষুর আড়ালেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

 রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর লাল গালিচায় জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ এই খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। ‘অ্যাক্সেস হলিউড’-এর প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি অনেকটা হুট করেই বলে বসেন, “বিয়েটা হয়ে গেছে। তোমরা সবাই সেটি মিস করেছ।”

ল রোচের এই মন্তব্যে প্রতিবেদক বিস্ময় প্রকাশ করে জানতে চান, এটি আসলেই সত্য কি না। উত্তরে হাসতে হাসতেই রোচ নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, একদম সত্যি।” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে খুশির জোয়ার বয়ে আনে।

বিয়ের এই খবরটি নিয়ে পুরো হলিউড তোলপাড় হলেও এখন পর্যন্ত টম হল্যান্ড বা জেনডায়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে ল রোচ যেহেতু এই তারকার খুবই ঘনিষ্ঠ, তাই তার এই দাবিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মার্ভেলের ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে ২০১৬ সালে প্রথম পরিচয় টম ও জেনডায়ার। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তাঁরা প্রকাশ্যে সম্পর্কের কথা জানান। গত বছর গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার বাঁ হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর থেকেই তাঁদের বাগ্‌দানের গুঞ্জন ছড়ায়। পরে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদক জেনডায়াকে তাঁর ‘গার্লফ্রেন্ড’ বললে টম হেসে সংশোধন করে বলেন, ‘বাগ্‌দত্তা’।

টম হল্যান্ড ও জেনডায়া এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘স্পাডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ। ২০২৬ সালেও দর্শক তাঁদের দুবার একসঙ্গে বড় পর্দায় দেখবেন—প্রথমে জুনে মুক্তি পেতে চলা ‘স্পাইডার-ম্যান: ব্র্যাড নিউ ডে’, এরপর জুলাইয়ে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে টম ও জেনডায়ার প্রেমের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না।

 ‍সুত্র: ভ্যারাইটি 

এমআর/আরটিএনএন