শিরোনামহীন, ব্যান্ড, অস্ট্রেলিয়া, বিনোদন,
শিরোনামহীন।   ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে সামনে রেখে আবারও বিদেশ সফরে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এবার তাদের গন্তব্য অস্ট্রেলিয়া। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনি শহর থেকেই শুরু হবে এবারের কনসার্ট পর্ব।

‘বাংলা নববর্ষ সাংস্কৃতিক উৎসব ও মেলা’ উপলক্ষে আয়োজিত এক উন্মুক্ত কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া জানান, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় দর্শকদের সামনে বাংলা গান ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সিডনির অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়ার আরও কয়েকটি অঙ্গরাজ্যে পরিবেশনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

দীর্ঘ সংগীতযাত্রায় দেশ-বিদেশ মিলিয়ে আড়াই হাজারের বেশি কনসার্টে অংশ নিয়েছে ব্যান্ডটি। এর আগে তারা মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কার গল সংগীত উৎসব এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে প্যারিসের স্তাদ দ্য স্তেইন স্টেডিয়ামে পারফর্ম করেছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরের পর ২০২৫ সালে প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করে দলটি।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক ধরে শ্রোতাদের মাঝে ভিন্নধর্মী গান উপহার দিয়ে আসছে শিরোনামহীন। ২০০৪ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘জাহাজী’ তাদের ব্যাপক পরিচিতি এনে দেয়। অ্যালবামের ‘হাসিমুখ’ ও শিরোনাম গানটি বেশ জনপ্রিয়তা পায়। সব মিলিয়ে এখন পর্যন্ত আটটি স্টুডিও অ্যালবাম, একাধিক একক গান ও চলচ্চিত্রের জন্য মৌলিক সংগীত প্রকাশ করেছে ব্যান্ডটি। সর্বশেষ তাদের অ্যালবাম ‘বাতিঘর’।

বর্তমান লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী ও সুদীপ্ত সিনহা দীপু।

সিমু/আরটিএনএন