বিনোদন, শুভশ্রী, কোলকাতা, যুদ্ধ
শুভশ্রী ও তার ছেলে।   ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব এবার ছুঁয়েছে বিনোদন জগতকেও। চলমান অস্থিরতার কারণে দুবাইয়ে অবস্থানকালে আটকা পড়েছেন ভারতীয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাঁর সঙ্গে রয়েছেন ছোট ছেলে ইউভান চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দুবাইয়ে যে হোটেলে তাঁরা উঠেছেন, তার আশপাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

এ পরিস্থিতিতে কলকাতায় অবস্থানরত শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তী স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সময় পার করছেন। তিনি জানান, গত শনিবার শুভশ্রী ও ইউভান দুবাই পৌঁছান। বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাঁরা নিরাপদে হোটেলে পৌঁছাতে সক্ষম হন।

রাজের ভাষ্য, পরিস্থিতি অবনতির দিকে গেলে স্থানীয় কর্তৃপক্ষ বাসস্থান থেকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়। নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়। বর্তমানে মা-ছেলে নিরাপদেই আছেন, তবে পরিবার স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছে। দুবাইয়ে থাকা পরিচিতজনরাও তাঁদের খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের পাল্টা হামলার জেরে কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতেই বিদেশে অবস্থান করছেন অভিনেত্রী শুভশ্রী।

সিমু/আরটিএনএন