বড় পরিবার গড়ার ইচ্ছা সেলেনার,  হতে চান চার সন্তানের মা।
বড় পরিবার গড়ার ইচ্ছা সেলেনার,  হতে চান চার সন্তানের মা।   ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে বড় একটি পরিবার গড়ার ইচ্ছা রয়েছে তাঁর। তিনি চান চার সন্তানের মা হতে। তবে একই সঙ্গে স্বীকার করেছেন, বাস্তব জীবনে সবকিছু মানুষের পরিকল্পনা অনুযায়ী ঘটে না।

সম্প্রতি স্বামী বেনি ব্লাঙ্কো এবং র‍্যাপার-অভিনেতা লিল ডিকি এর সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়ে পরিবার পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন সেলেনা।

আলোচনার সময় লিল ডিকি বলেন, তাঁর স্ত্রী তিনটি সন্তান চান, কিন্তু তিনি মনে করেন দুইটির বেশি সন্তান নেওয়া ঠিক হবে না। তখন সেলেনা নিজের ইচ্ছা প্রকাশ করে বলেন, তিনি চার সন্তানের মা হতে চান।

সেলেনা জানান, ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টোন’-এর একটি দৃশ্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। সেখানে একটি বড় পরিবার একসঙ্গে ডিনার টেবিলে বসে সময় কাটাচ্ছিল। সেই দৃশ্যটি সেলেনার কাছে খুব আবেগঘন মনে হয়েছিল। সেই মুহূর্ত থেকেই একদিন নিজের পরিবারেও এমন দৃশ্য দেখতে চান তিনি।

সেলেনা বলেন, বয়স বাড়ার পর একদিন নিজের সঙ্গী ও সন্তানদের সঙ্গে ডিনার টেবিলে বসে একসঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখেন তিনি। তবে বাস্তবতা সব সময় স্বপ্নের মতো হয় না, সেটিও তিনি মানছেন।

তিনি বলেন, “শেষ পর্যন্ত কী হবে, তা অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে। একজন সন্তান হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু আমাদের হাতে নেই। তবু পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসার মুহূর্তটাই আমার স্বপ্ন।”

মজার ছলে সেলেনা আরও বলেন, “সন্তানরা বড় হওয়ার আগ পর্যন্ত সময়টা হয়তো বেশ ব্যস্ত ও অগোছালো হবে।”

এর আগে বেনি ব্লাঙ্কোও বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, মামা হওয়ার আনন্দ পেয়েছেন, তবে একদিন নিজের সন্তানও চাইবেন।

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফটসহ হলিউডের আরও অনেক পরিচিত তারকা।

সিমু/আরটিএনএন