রমজানে ঘুমের ঘাটতি: চিকিৎসকদের টিপস।
রমজানে ঘুমের ঘাটতি: চিকিৎসকদের টিপস।   ছবি: সংগৃহীত

রমজান ২০২৬ শীতকালে পড়ায় দিনের রোজা তুলনামূলকভাবে কম সময় ধরে। এটি শারীরিকভাবে রোজা পালনকে সহজ করতে পারে, কিন্তু চিকিৎসকেরা সতর্ক করছেন, অনেকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঘুমের অনিয়ম ও ঘাটতি।

সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ সিটি এনএমসি রয়্যাল ফ্যামিলি মেডিকেল সেন্টার এর ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহেজাবিন মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, রমজানে ক্লান্তি, মাথাব্যথা ও মনোযোগ কমে যাওয়ার মূল কারণ প্রায়শই ঘুমের অনিয়ম। তিনি যোগ করেন, সঠিক অভ্যাস গড়ে তুললে পুরো মাসজুড়ে শক্তি ও মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব।

ধীরে ধীরে ঘুমের সময় বদলানো

ডা. মাহেজাবিন পরামর্শ দেন, হঠাৎ করে ঘুমের সময়সূচি পরিবর্তন না করে রমজানের আগে কয়েক দিন ধরে প্রতিদিন ১৫–৩০ মিনিট করে ঘুম ও জাগরণের সময় সামান্য এগিয়ে নেওয়া উচিত। একটানা ৪–৬ ঘণ্টা রাতের মূল ঘুম বজায় রাখা এবং দিনের ছোট বিরতি বা ‘পাওয়ার ন্যাপ’ নেওয়াও কার্যকর।

আলো, খাবার ও স্ক্রিনের প্রভাব

সকালে উজ্জ্বল আলো শরীরকে সজাগ করে, আর রাতে কম আলো মেলাটোনিন নিঃসরণ বাড়ায়, যা ঘুম আনতে সহায়তা করে। এছাড়া রাতের মোবাইল স্ক্রল, ভারী বা ঝাল খাবার, ক্যাফেইন বা এনার্জি ড্রিংক কমানো ঘুমের মান উন্নত করে।

ঘুমের অভাবে কি ঝুঁকি থাকে?

বুরজিল মেডিকেল সিটি এর পালমোনোলজি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুমাম শাকাকি বলেন, পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি কাটে না। ঘুমের ঘাটতি মানসিকভাবে বিরক্তি, মনোযোগ কমে যাওয়া এবং অবসাদ সৃষ্টি করে, শারীরিকভাবে মাথা ঘোরা, দুর্বলতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে।

কার্যকর রমজান ঘুমের রুটিন

ডা. মাহেজাবিনের পরামর্শ অনুযায়ী:
•তারাবির পর মূল ঘুম
•সেহরির জন্য জেগে ওঠা
•প্রয়োজনে দিনের ছোট ঘুম (২০–৩০ মিনিট)

এর ফলে মনোযোগ, মেজাজ ও শক্তি ধরে রাখা সহজ হয়। তবে সন্ধ্যায় দীর্ঘ ঘুম এড়িয়ে চলা উচিত।

ঘুমের ক্ষেত্রে এড়ানো জরুরি অভ্যাস

১. গভীর রাত পর্যন্ত আড্ডা বা মোবাইল স্ক্রল করা
২. ঘুমের আগে স্ক্রিনের নীল আলোতে সময় কাটানো
৩. গভীর রাতে ভারী, তেলমশলা বা ঝাল খাবার খাওয়া
৪. ঘুমের আগে ক্যাফেইন, নিকোটিন বা এনার্জি ড্রিংক গ্রহণ

এছাড়া পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমানো সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

সূত্র: গালফ নিউজ

সিমু/আরটিএনএন