ইউরোপজুড়ে ভারি তুষারপাত
ইউরোপজুড়ে ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত।   ছবি: সংগৃহীত

ইউরোপে তুষারপাতের কারণে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে পুরো ইউরোপে বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে ফ্রান্সের দুটি আলাদা অঞ্চলে পাঁচজন মারা গেছে। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী মারা যান। খবরটি জানিয়েছে রয়টার্স। 

ফ্রান্সে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি আলাদা দুর্ঘটনায় তিনজন এবং প্যারিস অঞ্চলে প্রাণ হারান আরও দুজন। বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনাসহ বলকান এর দেশগুলোতে তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণও।

আবহাওয়া দপ্তর ফ্রান্সের মূল ভূখণ্ডের মোট ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতজনিত কমলা সতর্ক সংকেত জারি করে করেছে।

তুষারপাতের কারণে ইউরোপের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। এই ভোগান্তি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 
বুধবার সকালে রানওয়ে থেকে তুষার পরিষ্কার করার জন্য জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে বলে জানায় ফরাসী কর্তৃপক্ষ। 

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। এসময় শত শত যাত্রী আটকা পড়েন। 

স্কিপহোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে। ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানায়, বুধবার স্কিপহোল বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য নির্ধারিত আরও ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর নানা সমস্যা অব্যাহত ছিল। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলোর শিডিউল বাতিল করা হয়। 

ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানান, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। জনগণকে সড়কে যাতায়াত সীমিত রাখতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের আশঙ্কায় দেশটির ৩৮টি জেলা সতর্কতা জারির আওতায় আনা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।