ইরান-যুক্তরাষ্ট্র
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমের কাছে এরকম দাবি করেন তিনি।

ইসহাক দার বলেন, ‘শান্তি আলোচনা’ নিয়ে জল্পনা-কল্পনা অপ্রয়োজনীয়। বাস্তবে, পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের কাছে ১৫টি দফা শেয়ার করেছে, যা ইরান বর্তমানে বিবেচনা করছে। পাশাপাশি তুরস্ক ও মিসরসহ অন্যান্য দেশও এই উদ্যোগে সমর্থন জানাচ্ছে।

ইসলামাবাদের পক্ষ থেকে দারের এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে পাকিস্তান এখানে সহায়কের ভূমিকা পালন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দার উভয়েই ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত আছেন। তিনি গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমাদের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমরা আলোচনা চালাচ্ছি না; এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা হয়নি।’

সূত্র: আল আরাবিয়া