মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি: আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশে নিষ্ক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক।” তিনি আরও যোগ করেন, “আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক।’

ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের সময়সীমা নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের চেয়ে অনেক এগিয়ে। তিনি বলেন, ‘আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।’

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত গুড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি। আমরা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করেছি এবং তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ও ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করে দিয়েছি।’

এর আগে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ থামাতে “চুক্তির জন্য ভিক্ষা করছে”। তিনি স্পষ্ট করেছেন, ‘চুক্তির জন্য তারা ভিক্ষা করছে, আমি নই। সেখানে কী ঘটছে তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন তারা এমনটা করছে।’

যুদ্ধবিরতি বা চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আমরা সেটি করতে পারব কিনা। আমি জানি না আমরা সেটি করতে ইচ্ছুক কি না।’

সূত্র: আল জাজিরা