ইরান, প্রতিরোধ নীতি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়্যেদ আব্বাস আরাঘচি।   ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করছে না এবং ‘প্রতিরোধ নীতি’ বজায় রেখে যুদ্ধ চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়্যেদ আব্বাস আরাঘচি বলেন, ‘এই মুহূর্তে আমাদের নীতি প্রতিরোধ চালিয়ে যাওয়া; কোনো আলোচনা হয়নি।’ 

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘কোনো আলোচনা চলছে না।’

আরাঘচি আন্তর্জাতিক গ্যারান্টি নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি একটি দুষ্টচক্র তৈরি করে, যা আবারও সংঘাতের দিকে নিয়ে যায়। 

তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগের প্রসঙ্গে বলেন, ইরান নিজস্ব প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ভবিষ্যতে কেউ সহজে হামলার সাহস না পায়।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিয়ে সতর্ক বার্তা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিরাপত্তা বাড়ানোর পরিবর্তে ঝুঁকি বাড়িয়েছে। এসব ঘাঁটিযুক্ত দেশই এখন আঘাতের মুখে পড়ছে।

তিনি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানের মতো দেশগুলোর উদাহরণ তুলে ধরেন।

আরাঘচি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত না হয় এবং নিজেদের দূরে রাখুক।

তিনি হরমুজ প্রণালির বিষয়েও অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, মিত্র দেশগুলোর জন্য নৌপথ খোলা আছে, শত্রু দেশগুলোর জন্য বন্ধ রাখা হয়েছে। চীন, রাশিয়া, ভারত, ইরাক ও পাকিস্তানের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরাঘচি আরও বলেন, ‘ইরানের পাল্টা হামলা দেশের ইতিহাসে ‘স্বর্ণালী মুহূর্ত’ হিসেবে বিবেচিত হবে। প্রতিপক্ষের বহু লক্ষ্য ব্যর্থ হয়েছে, এখন তারা আলোচনার কথা বলছে।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি