জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ টন ডিজেল ক্রয়ের সিদ্ধান্ত
জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ টন ডিজেল ক্রয়ের সিদ্ধান্ত   ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনেও অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি হয়ে পড়েছিল। সে অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদন অনুযায়ী, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

সরকারি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের চলমান অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, পরিবহনসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।