দৌলতদিয়া ফেরিঘাট
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি।   ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) জনস্বার্থে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই নোটিশ পাঠান হয়েছে।  

তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের এই নোটিশ পাঠান।

নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের সচিব ও নৌপরিবহন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা বা গাফিলতির ফল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরূপণ করা জরুরি। রাষ্ট্রকে আহতদের চিকিৎসা ও কর্মক্ষম ব্যক্তিদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, "সময়স্বল্পতার কারণে আপাতত ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে এটি ডাকযোগেও পাঠানো হবে।"

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। অন্যথায় এই বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।