ফ্লাইট বিপর্যয়, চট্টগ্রাম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শাহ আমানত বিমানবন্দরে ধারাবাহিকভাবে ফ্লাইট বিপর্যয় চলছে। বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোসহ এ পর্যন্ত মোট বাতিল হয়েছে ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট।

বুধবার (২৫ মার্চ) সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়া বুধবার বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা আটটি ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়া চারটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গামী এবং দুটি ফিরতি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের একটি বহির্গামী ফ্লাইট স্থগিত করেছে এবং এয়ার অ্যারাবিয়া একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইট চলাচলে এই অস্থিরতার মাঝেও কিছু কার্যক্রম চালু ছিল। বুধবার বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা আটটি ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়া চারটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই এবং আবুধাবির সঙ্গে চট্টগ্রামের সংযোগকারী রুটগুলোতে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে।

ফ্লাইট সূচি নিয়ে অনিশ্চয়তা এবং সীমিত সুযোগের কারণে যাত্রীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা প্রবাসী শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।