প্রধানমন্ত্রী, তারেক রহমান
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ।   ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌজন্য আলাপ করেন।

এর আগে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গ্যালারিতে বসে কিছু সময় খেলা উপভোগ করে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।