স্বাধীনতা দিবস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।   ছবি: আরটিএনএন

একাত্তরের চেতনা বাস্তবায়িত না হওয়ায় ‘চব্বিশের বিপ্লব’ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে দলটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, শাসকগোষ্ঠী যখন জনগণের মতামতের বিপরীতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং শোষণ চালায়, তখন জনগণ বাধ্য হয়ে বিপ্লবের পথ বেছে নেয়।

তিনি বলেন, স্বাধীনতা কেবল ভূখণ্ড, পতাকা বা মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্থনৈতিক, রাজনৈতিক ও মৌলিক অধিকার নিশ্চিত হওয়ার মধ্যেই প্রকৃত স্বাধীনতা নিহিত।

তিনি বলেন, জুলাই চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে জাতি। এ লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিকল্প নেই। রাজনৈতিক সংকট এড়াতে সরকারের প্রতি গণভোটের রায় মেনে তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, পল্টন থানা কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ, শামীম হাসনাইন, সাইয়েদ মুহাম্মদ জুবায়ের ও আব্দুল মতিনসহ অনেকে।