আইডিএফ প্রধান ইয়াল জামির
আইডিএফ প্রধান ইয়াল জামির   ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং জনবলের ঘাটতির কারণে দেশটির সামরিক বাহিনী অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চ্যানেল ১৩ নিউজের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে ইয়াল জামির মন্ত্রীদের উদ্দেশে বলেন, তিনি পরিস্থিতি নিয়ে ১০টি সতর্ক সংকেত তুলে ধরেছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আইডিএফের জন্য নতুন নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন জরুরি হয়ে পড়েছে। এসব পদক্ষেপ না নিলে খুব শিগগিরই আইডিএফ নিয়মিত দায়িত্ব পালনের সক্ষমতা হারাবে এবং রিজার্ভ ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব হবে না।

কয়েক মাস ধরেই তিনি এ ধরনের সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জানুয়ারিতে ইয়াল জামির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি কঠোর ভাষার চিঠি পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, সৈন্যসংকট খুব শিগগিরই সামরিক প্রস্তুতিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

চলমান সংঘাত এবং বিভিন্ন সামরিক চ্যালেঞ্জের কারণে ইসরায়েলি বাহিনীতে বর্তমানে প্রায় ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে বলে আইনপ্রণেতাদের একাধিকবার জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

এদিকে অতিরক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো এমন একটি আইন প্রণয়নের দাবি জানাচ্ছে, যার মাধ্যমে তাদের সমর্থকদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে ২০২৪ সালের জুনে দেশটির উচ্চ আদালত রায় দিয়েছে, হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির কোনো আইনগত ভিত্তি নেই।

বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার অতিরক্ষণশীল ইহুদি যুবক সামরিক সেবার জন্য উপযুক্ত বলে ধারণা করা হলেও তারা এখনো সেনাবাহিনীতে যোগ দেয়নি।