ছবি: প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে।
ছবি :প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে।   ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার।

রোববার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এ কথা জানান। তিনি আরো বলেন,  এই ‘জটিল ও সুপরিকল্পিত’ ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা।খবরটি জানায় বিবিসি।

মাহামাদু সানা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং  বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।’ একই সঙ্গে তিনি জনগণকে ‘ভুল পথে প্রলুব্ধ না হওয়ার’ আহ্বান জানান।
তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

নিরাপত্তামন্ত্রীর দাবি, ষড়যন্ত্রকারীরা প্রথমে রাষ্ট্রপ্রধান ট্রাওরেকে হত্যা করতে এবং পরে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেন। শেষ মুহূর্তে গোয়েন্দা সংস্থাগুলো এই পরিকল্পনা শনাক্ত করে নসাৎ করে।

মাহামাদু সানা আরও অভিযোগ করেন, এই ষড়যন্ত্রে প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে অর্থায়ন করেছে এবং প্রায় সাত কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার) সরবরাহ করা হয়।

নিরাপত্তামন্ত্রী জানান, একটি ফাঁস হওয়া ভিডিও ফুটেজে ষড়যন্ত্রকারীদের আলোচনা ধরা পড়েছে। সেখানে তারা শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার পর রাষ্ট্রপ্রধানকে খুব কাছ থেকে গুলি করে অথবা তার বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যার পরিকল্পনার কথা বলছিলেন বলে দাবি করা হয়। দামিবা সেনাসদস্য ও বেসামরিক সমর্থকদের সংগঠিত করেছিলেন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ ঠেকাতে দেশের ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি অচল করে দেওয়ারও পরিকল্পনা ছিল বলে অভিযোগ করেন তিনি। 

তবে এ বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দামিবা।