ইরানে  সরকারবিরোধী বিক্ষোভে  নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০-এরও বেশি।
ইরানে  সরকারবিরোধী বিক্ষোভে  নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০-এরও বেশি।   ছবি: সংগৃহীত

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০-এর ও বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায় ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) এই তথ্য জানায় সংস্থাটি। 

যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

এইচআরএএনএ জানিয়েছে, ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। একই সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেফতার  করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন পশ্চিমাঞ্চলের গাচসারান, ইয়াসুজসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও দাফনের দৃশ্য প্রচার করেছে। 

রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত।

গেল বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। এতে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বিবিসি ফার্সি জানিয়েছে, শুক্রবার রাতে রাশতে পোরসিনা হাসপাতালে ৭০টি মরদেহ আনা হয়েছে। মর্গে জায়গা না থাকায় অনেক মরদেহ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

রাজধানী তেহরানে প্রায় দুই সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশটির সব প্রদেশে ছড়িয়ে পড়ে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।  দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। 

এমআর/আরটিএনএন