বিশ্ববাজার, স্বর্ণ, অর্থনীতি, ফেডারেল রিজার্ভ, সুদহার,
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে   ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের ভূরাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সূচকের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও কমেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০৪ দশমিক ২৯ ডলারে নেমে আসে। আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০৮ দশমিক ৯০ ডলার হয়েছে।

ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কমতেই স্বর্ণের বাজারে নিম্নমুখী গতি দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে যে তথ্য আসছে, তা দেখাচ্ছে যে সুদহার কমানোর তেমন কোনো তাড়াহুড়ো নেই।’

স্পট রুপার দামও ১ দশমিক ৮ শতাংশ কমেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মূল্যবান এই ধাতু প্রতি আউন্স ৯০ দশমিক ৬৬ ডলারে লেনদেন হচ্ছে। স্পট মার্কেটে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৮ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

সূত্র: রয়টার্স