নভোচারীরা এবার মহাকাশে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।
নভোচারীরা এবার মহাকাশে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।   ছবি: সংগৃহীত

মহাকাশ থেকে সেলফি তোলা আর কল্পনার বিষয় থাকছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রথমবারের মতো তাদের নভোচারীদের মহাকাশে নিজস্ব স্মার্টফোন ব্যবহারের অনুমতি দিয়েছে।

নাসা জানিয়েছে, আসন্ন ক্রু-১২ এবং আর্টেমিস- ২ মিশনের নভোচারীরা তাদের ব্যক্তিগত ফোন সঙ্গে নিয়ে যেতে পারবেন। এতে তারা মহাকাশে থাকা অবস্থায় ছবি ও ভিডিও তুলতে পারবেন এবং চাইলে তা পৃথিবীর সঙ্গে শেয়ার করতে পারবেন।

৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে মহাকাশে কোনো ইলেকট্রনিক ডিভাইস পাঠানোর আগে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতো। মহাকাশে অতিরিক্ত রেডিয়েশন যন্ত্রের ক্ষতি করতে পারে এবং সামান্য ত্রুটিও বড় বিপদের কারণ হতে পারে। এই কারণেই এত দিন আধুনিক স্মার্টফোন ব্যবহার অনুমোদিত ছিল না।

এর আগে আর্টেমিস মিশনে ব্যবহৃত ক্যামেরাগুলো ছিল পুরনো ধরনের, যেমন ২০১৬ সালের নিকন ডিএসএলআর এবং প্রায় ১০ বছরের গো–প্রো ক্যামেরা। এবার এসবের পরিবর্তে নভোচারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লোকবল কম। ক্রু–১২ মিশনে চারজন নভোচারী সেখানে যাত্রা করবেন। তাদের স্মার্টফোনে তোলা ছবি ও ভিডিও সাধারণ মানুষকে মহাকাশ স্টেশন সম্পর্কে আরও কাছে থেকে জানার সুযোগ দেবে।

আর্টেমিস–২ মিশনও বিশেষ গুরুত্ব বহন করছে। এটি হবে প্রায় ৫০ বছর পর চাঁদের চারপাশে মানুষের প্রথম মানববাহী অভিযান। চারজন নভোচারী ১০ দিন ধরে চাঁদের চারপাশে ঘুরবেন।

এর আগে মহাকাশে অ্যাপল পণ্য ব্যবহার হলেও, ২০১১ সালে দুটি আইফোন–৪ মহাকাশে পাঠানো হয়েছিল। ১৯৯১ সালে মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠানো হয়। কিন্তু সরকারি মিশনে স্মার্টফোন ব্যবহারের অনুমতি এবারই প্রথম দেওয়া হলো।

সিমু/আরটিএনএন