ইরান, ইন্টারনেট
ইরানে ইন্টারনেট ফেরায় কিছুটা স্বস্তি   ছবি: সংগৃহীত

টানা ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞার পর শনিবার ভোরে ইরানে ইন্টারনেট সংযোগে অত্যন্ত সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। বৈশ্বিক ইন্টারনেট সংযোগ, সেন্সরশিপ এবং নেটওয়ার্ক বিভ্রাট পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ এ তথ্য জানিয়েছে।

কাস্পিয়ান পোস্ট এবং ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, সংযোগে সামান্য উন্নতি হলেও তা স্বাভাবিক মাত্রার মাত্র ২ শতাংশের কাছাকাছি রয়েছে। ফলে দেশটিতে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বা অর্থবহভাবে স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ এখনই দেখা যাচ্ছে না। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের মোবাইল ফোন অপারেটরগুলোতে এসএমএস আদান-প্রদান সেবা ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে।

অন্যদিকে, দেশটিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি মানবাধিকার গোষ্ঠী। ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’র তথ্যমতে, ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭ জনে দাঁড়িয়েছে। অর্থনৈতিক দুরাবস্থার কারণে সৃষ্ট এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯,০৯৭ জনকে আটক করা হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

তবে বিক্ষোভে মোট কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে এই বিক্ষোভের সূত্রপাত হয়। আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, ইরানি মুদ্রা রিয়ালের দরপতন এবং চরম অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে দোকানদার, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে এই বিক্ষোভ দ্রুত একাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং শ্রমিক ও ছাত্রদের অংশগ্রহণে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

সূত্র : কাস্পিয়ান পোস্ট

আরটিএনএন/এআই