তীব্র লড়াইয়ের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই চুক্তির আওতায় এসডিএফ তাদের বাহিনীকে ফোরাত নদীর পশ্চিম তীরের এলাকাগুলো থেকে সরিয়ে নেবে।
রোববারের এই চুক্তি অনুযায়ী, এসডিএফ-এর সদস্যরা সিরিয়ার সামরিক বাহিনীতে একীভূত হবে। উত্তর-পূর্ব সিরিয়ায় কৌশলগত অবস্থান এবং ফোরাত নদীর তীরের তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও এসডিএফ-এর মধ্যে বেশ কয়েক দিন ধরে চলা সংঘর্ষের পর এই সমঝোতা হলো।
দামেস্কে এক বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে আল-হাসাকাহ, দেইর আল-জোর এবং রাক্কা—এই তিনটি পূর্ব ও উত্তরাঞ্চলীয় প্রদেশে পুনরায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এসব এলাকা আগে এসডিএফ-এর নিয়ন্ত্রণে ছিল।
প্রেসিডেন্ট আল-শারা বলেন, “আমরা আমাদের আরব গোত্রগুলোকে শান্ত থাকার এবং চুক্তির শর্ত বাস্তবায়নে সহায়তা করার পরামর্শ দিচ্ছি।”
চুক্তির শর্তানুযায়ী, আইএসআইএল (আইএসআইএস)-এর বন্দি ও ক্যাম্পগুলোর দায়িত্বে থাকা এসডিএফ প্রশাসন এবং নিরাপত্তারক্ষীদের দেশের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। এর ফলে সরকার এখন থেকে আইনি ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। এছাড়া, জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ সামরিক, নিরাপত্তা ও বেসামরিক পদের জন্য এসডিএফ তাদের নেতাদের একটি তালিকা প্রস্তাব করবে।
সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম বারাকের সঙ্গে দামেস্কে বৈঠকের পর প্রেসিডেন্ট আল-শারা এই ঘোষণা দেন। বৈঠকে এসডিএফ প্রধান মাজলুম আবদির উপস্থিত থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তার সফর সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট।
কুর্দি সংবাদমাধ্যম ‘রুদাও’ জানিয়েছে, এসডিএফ প্রধান সোমবার দামেস্ক সফর করবেন এবং প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। সংবাদমাধ্যমটি আরও নিশ্চিত করেছে যে, দলটি দেইর আল-জোর ও রাক্কা প্রদেশ থেকে সরে আসতে সম্মত হয়েছে।
মার্কিন দূত টম বারাক এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি একে একটি "কৌশলগত বাঁকবদল" হিসেবে উল্লেখ করে বলেন, "এর মাধ্যমে পুরনো প্রতিপক্ষরা বিভেদ ভুলে অংশীদারিত্বকে বেছে নিয়েছে।"
তিনি আরও যোগ করেন, "প্রেসিডেন্ট আল-শারা নিশ্চিত করেছেন যে কুর্দিরা সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। আইসিসবিরোধী লড়াইয়ে আমাদের দীর্ঘদিনের এই অংশীদার (এসডিএফ) এখন গ্লোবাল কোয়ালিশনের নতুন সদস্যের সঙ্গে নির্বিঘ্নে একীভূত হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।" এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোনে আল-শারার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দামেস্কের প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্সির তথ্যমতে, এরদোয়ান আল-শারাকে বলেছেন, "সিরিয়া ও পুরো অঞ্চলের মঙ্গলের জন্য সিরিয়ার মাটি থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা জরুরি।" উল্লেখ্য, তুরস্ক দীর্ঘ দিন ধরে এসডিএফ-এর বিরোধিতা করে আসছে এবং তাদের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি অংশ বা "সন্ত্রাসী" গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/ এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!