মহাজাগতিক, বিরল দৃশ্য
বছরের শুরুতে সাধারণত উল্কাবৃষ্টি খুব একটা চোখে পড়ে না। তবে ফেব্রুয়ারি মাসে সেই শূন্যতা পূরণ করবে আলফা সেন্টোরিড উল্কাবৃষ্টি।   ফাইল ছবি

মহাকাশপ্রেমীদের জন্য ফেব্রুয়ারি মাসটি হতে যাচ্ছে বিশেষভাবে রোমাঞ্চকর। মাসজুড়েই রাতের আকাশে দেখা মিলবে একের পর এক বিরল ও চমকপ্রদ মহাজাগতিক দৃশ্য। খালি চোখে দেখা যাবে সৌরজগতের একাধিক গ্রহ, ঘটবে বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ, থাকছে উল্কাবৃষ্টি ও মিল্কিওয়ে গ্যালাক্সির উজ্জ্বল কেন্দ্র দেখার সুযোগ।

আলফা সেন্টোরিড উল্কাবৃষ্টি

বছরের শুরুতে সাধারণত উল্কাবৃষ্টি খুব একটা চোখে পড়ে না। তবে ফেব্রুয়ারি মাসে সেই শূন্যতা পূরণ করবে আলফা সেন্টোরিড উল্কাবৃষ্টি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উল্কাবৃষ্টি দেখা যাবে, তবে সর্বোচ্চ দৃশ্যমান হবে ৮ ফেব্রুয়ারি রাতে। আকাশ পরিষ্কার ও অন্ধকার থাকলে প্রতি ঘণ্টায় অন্তত ছয়টি উল্কা দেখার সুযোগ মিলতে পারে।

এই উল্কাবৃষ্টি মূলত দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ভালো দেখা যায়। তবে উত্তর গোলার্ধের দক্ষিণাংশের কিছু এলাকা থেকেও এটি দেখা সম্ভব। মাঝরাতের পর আকাশের সেন্টোরাস নক্ষত্রপুঞ্জের দিকে তাকালেই দেখা মিলবে এই দৃশ্য।

বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ

আগামী ১৭ ফেব্রুয়ারি ঘটবে একটি বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যানুলার সোলার ইক্লিপস। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, কারণ চাঁদ তখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে। ফলে সূর্যের চারপাশে উজ্জ্বল আলোর একটি বলয় দেখা যায়, যা দেখতে আগুনের আংটির মতো।

এই সূর্যগ্রহণের পূর্ণ বলয় দেখা যাবে মূলত অ্যান্টার্কটিকা ও দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চল থেকে। তবে আর্জেন্টিনা, চিলি, বোতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকার কিছু অংশ থেকে আংশিক গ্রহণ দেখা সম্ভব হবে।

চাঁদ ও বুধের যুগল দৃশ্য

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে দেখা যাবে চাঁদ ও বুধ গ্রহের মনোমুগ্ধকর যুগল দৃশ্য। অমাবস্যার ঠিক এক দিন পর সরু চাঁদের পাশে অবস্থান করবে বুধ গ্রহ। সূর্যাস্তের এক থেকে দুই ঘণ্টা পর পশ্চিম আকাশে এই দৃশ্য দেখা যাবে। বাইনোকুলার ব্যবহার করলে দৃশ্যটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

এ সময় আশপাশে শনি ও শুক্র গ্রহেরও দেখা মিলতে পারে। তবে সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার আগে টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে ওই দিকে তাকানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

বুধ গ্রহ দেখার সেরা সুযোগ

১৯ ফেব্রুয়ারি বুধ গ্রহ সূর্য থেকে তার সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছাবে। ফলে এই দিনে বুধ গ্রহ দেখার সুযোগ থাকবে সবচেয়ে ভালো। সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে তাকালেই ঝকঝকে এই গ্রহটিকে খালি চোখে দেখা সম্ভব হবে।

গ্রহের মিছিল বা ‘প্যারেড অব প্ল্যানেট’

ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের শুরু পর্যন্ত সন্ধ্যার আকাশে দেখা যাবে প্যারেড অব প্ল্যানেট—অর্থাৎ গ্রহের মিছিল। সূর্যাস্তের এক ঘণ্টার মধ্যে পশ্চিম আকাশে সারিবদ্ধভাবে দেখা যাবে শুক্র, বুধ ও শনি গ্রহকে। শনি গ্রহের কাছাকাছি থাকবে নেপচুন।

পূর্ব আকাশে উজ্জ্বল বৃহস্পতি এবং দক্ষিণ আকাশে কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের পাশে দেখা যাবে ইউরেনাসকে। শুক্র, বুধ, শনি ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও ইউরেনাস ও নেপচুন দেখতে ভালো মানের টেলিস্কোপ বা বাইনোকুলার প্রয়োজন হবে।

ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার দেখা মিলবে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের উজ্জ্বল কেন্দ্র। শীতকালে এটি আকাশের নিচু অবস্থানে থাকায় দেখা যায় না। তবে মাসের শেষভাগে ভোররাতে, সূর্য ওঠার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ-পূর্ব আকাশে তাকালে শহরের আলো থেকে দূরে অন্ধকার জায়গায় এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক নাইট স্কাই গাইড