যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় ২ জনের মৃত্যু,আহত ১
যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় ২ জনের মৃত্যু,আহত ১   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় মারা গেছেন ২ জন। এসময় আহত  হন  একজন । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনো পলাতক আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।
 
সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ৩ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এটি অরেঞ্জবার্গ শহরের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি। নদীতীরবর্তী এ কলেজ শহরটির অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। অপর বিশ্ববিদ্যালয়টি হলো ক্লাফলিন ইউনিভার্সিটি। 

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের ফোনলাইনে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ‘ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই।’ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলিনা রাজ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং গতকাল সব ক্লাস বাতিল করা হয়েছে।

রায়হান/আরটিএনএ