ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, আলি জাফারিয়ান
তেহরানে মার্কিন-ইসরায়েলি ক্ষতিগ্রস্থ একটি হাসপাতাল   ছবি: সংগৃহীত

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা তীব্র হওয়ার কারণে ইরানজুড়ে থাকা হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাফারিয়ান বলেন, চিকিৎসা দলগুলোকে প্রতিনিয়ত ক্রমবর্ধমান সংখ্যক আহত ও নিহতের চাপ সামলাতে হচ্ছে। নিহতদের অনেকেই সাধারণ বেসামরিক নাগরিক, যারা মূলত হামলার ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন।

তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলেই নিহত হচ্ছেন, কারণ তারা (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) বেসামরিক অবকাঠামোগুলোতে কার্পেট বোম্বিং (একটানা ও নির্বিচারে বোমাবর্ষণ) করছে।" তিনি আরও জানান, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৯৫ জন নিহত হয়েছেন এবং এখনও অনেকেই ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, "এসব মানুষের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যারা বিভিন্ন আবাসিক এলাকায় বসবাস করেন।" তিনি আরও জানান, সাম্প্রতিক দিনগুলোতে শহর এলাকার ওপর হামলার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। "আমাদের ৩১টি প্রধান ক্লিনিক ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২টি হাসপাতাল বর্তমানে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।"

জাফারিয়ান আরও জানান, এ পর্যন্ত ১৪৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে আঘাত হানা হয়েছে, যার মধ্যে কেবল গত চার দিনেই প্রায় ১০০টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, "দুর্ভাগ্যবশত, গত চার দিনে আমরা আমাদের দুজন স্বাস্থ্যকর্মীকে হারিয়েছি।"

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই