ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
ইসরায়েলে ইরানের মিসাইল হামলার চিত্র   ছবি: সংগৃহীত

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫,০৪৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

গত কয়েক দিনে দেখা গেছে, ইরান দক্ষিণ ইসরায়েলকে তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে দিমোনা শহরও রয়েছে, যেখানে একটি পারমাণবিক কেন্দ্র অবস্থিত। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা ঘটেছে।

‘টাইমস অব ইসরায়েল’ একটি ভবনের ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে। অন্যদিকে পুলিশের বরাত দিয়ে ‘হারেৎজ’ জানিয়েছে, ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’ (ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা) জানিয়েছে, সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিবৃতিতে আরও বলা হয়, “প্রয়োজন হলে পরবর্তীতে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হবে।”

সূত্র : টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা