জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস
ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘বিশ্ব অর্থনীতির জন্য এক মহাবিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।   ছবি: আরটিএনএন

রানের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার যুদ্ধকে ‘বিশ্ব অর্থনীতির জন্য এক মহাবিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভবত তিনি এমন মন্তব্য করেছেন। 

আজ (২৬ মার্চ) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের মুখেমিুখি হয়ে বরিস পিস্টোরিয়াস এমনটা বলেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের একটি “কূটনৈতিক সমাধানের” আহ্বান জানান এবং এই সংঘাতকে একটি অর্থনৈতিক “মহাবিপর্যয়” হিসেবে বর্ণনা করেন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বিষয়টি পরিষ্কার করে বলতে গেলে, এই যুদ্ধ বিশ্বের অর্থনীতির জন্য একটি মহাবিপর্যয়। দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব এখন পুরোপুরি স্পষ্ট।” তিনি আরও বলেন, “শুরু থেকেই আমাদের সাথে আগে থেকে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের আগে জিজ্ঞাসা করেনি। এটা আমাদের যুদ্ধ নয় এবং তাই আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না।”

ক্যানবেরায় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিস্টোরিয়াস বলেন, যেকোনো শান্তি প্রতিষ্ঠায় জার্মানি সাহায্য করতে প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ ও হত্যা বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, যুদ্ধবিরতি হলে জার্মানি হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অভিযান নিয়ে আলোচনা করবে।

“কিন্তু সময় এখনো আসেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি,” বলেন বরিস পিস্টোরিয়াস।