শেখ হাসিনা, ওবায়দুল কাদের
শেখ হাসিনা (ডানে) এবং ওবায়দুল কাদের (বামে)।   ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৪ নেতাকর্মীকে ‘শিশু জিহাদ হত্যা’ মামলায় আদালত অব্যাহতি দিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার জিআর আবদুল নূর।

অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গেছে ভুক্তভোগী জীবিত। মামলায় উল্লেখিত ‘হত্যা’ এবং ঘটনার স্থান (কেরানীগঞ্জের বছিলা ব্রিজ) ভুল ছিল। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দুটি বড় ভুল ছিল: জীবিত ব্যক্তিকে মৃত দেখানো এবং ভুল স্থান উল্লেখ করা।

তদন্ত কর্মকর্তা এসআই বদিয়ার রহমান বলেন, “কিছু ব্যক্তির প্ররোচনায় বাদী মামলা করেছেন, তবে ঘটনার প্রকৃত তথ্য জানা ছিল না।” ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, জুলাই আন্দোলন ঘিরে স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মামলা করেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, হাজারীবাগ এলাকায় জিহাদের আহত হওয়ার প্রকৃত ঘটনা কেন্দ্র করে নতুন মামলা চলছে।