ছুটির দিনেও ঢাকার বায়ুদূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। যানবাহন চলাচল কম, অধিকাংশ কলকারখানা বন্ধ থাকার পরও আজ শুক্রবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে রাজধানী ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল বৃহস্পতিবারের মতো আজও বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।
সাধারণত শুকনা মৌসুমে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে থাকে ভারতের দিল্লি কিংবা পাকিস্তানের লাহোর ও করাচি। তবে চলতি মৌসুমে এসব নগরীকে ছাড়িয়ে গতকাল ও আজ—দুই দিনই ঢাকাই শীর্ষে অবস্থান করছে।
আইকিউ এয়ারের তথ্য বলছে, রাজধানীর কিছু এলাকায় বায়ুদূষণের মাত্রা আরও ভয়াবহ। কোথাও কোথাও একিউআই ৪০০ ছাড়িয়ে গেছে, যা প্রায় ‘দুর্যোগপূর্ণ’ অবস্থার কাছাকাছি। আজ সকালে নগরীর আটটি স্থানে বায়ুর মান অত্যন্ত খারাপ পর্যায়ে ছিল।
বায়ুদূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের সাংহাই (একিউআই ২৩২) এবং ভারতের দিল্লি (২১৬)।
বিশেষজ্ঞদের মতে, রাজধানী ঢাকায় বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। গত ডিসেম্বর মাসজুড়েই এবং চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর তালিকায় ছিল ঢাকা।
বায়ুমান সূচক ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়িয়ে গেলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ঢাকার কিছু এলাকা সেই বিপজ্জনক সীমার কাছাকাছি অবস্থান করছে।
শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য এলাকাতেও বায়ুদূষণের মাত্রা বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ঢাকার বাইরের শহরগুলোতে দূষণের মাত্রা আরও বেশি থাকছে। যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া অধিকাংশ কার্যক্রম ঢাকাকেন্দ্রিক, তবু এসব উদ্যোগের কার্যকর ফল তেমন দেখা যাচ্ছে না।
ভয়াবহ দূষণ নগরীর ৮ স্থানে
আজ সকালে ঢাকার যেসব স্থানে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল, সেগুলো হলো— নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪২২), ধানমন্ডি (৩০০), ইস্টার্ন হাউজিং (২৮৫), দক্ষিণ পল্লবী (২৮৫), বে’জ এজওয়াটার (২৮১), বেচারাম দেউড়ি (২৮০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৭৩) ও গোড়ান (২২৪)।
সুরক্ষায় নগরবাসীর করণীয়
আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা জায়গায় ব্যায়াম না করার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
বায়ুদূষণ মোকাবিলায় দেশে বিভিন্ন সময়ে প্রকল্প ও উদ্যোগ নেওয়া হলেও বাস্তব চিত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে—যা নগরবাসীর জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!