রান্নাঘর, পুলিশ
আগুন লাগা বাসাতে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ভবনটির দোতলার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, দোতলায় অবস্থিত একটি রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজের কারণে আগুন লাগতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও নিহত হয়েছেন, তবে তার নাম এখনো জানা যায়নি। এছাড়া আরও একজন নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি রফিক আহমেদ আরও জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। অন্য একটি হাসপাতালে রয়েছে আরও দুজনের মরদেহ এবং সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টা ৫৮ মিনিটে ইউনিটগুলো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

এমকে/আরটিএনএন