বায়ুদূষণ
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা।   ছবি: সংগৃহীত

শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।

একই সময়ে দূষণের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ৩২৪। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২৯১) এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো (স্কোর ২৫৪)। পঞ্চম স্থানে থাকা পোল্যান্ডের ক্রাকুফ শহরের স্কোর ২১২।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই ০–৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১–১০০ হলে তা ‘মাঝারি’, ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১–২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ ছাড়ালে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পাশাপাশি অন্যদেরও বাইরে চলাচল ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।