বায়ুদূষণ
ঢাকার পর বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।   ছবি: সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে আজও বিশ্বে শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা।

সকাল ৭টায় ঢাকার একিউআই স্কোর ছিল ২৫৬, যা শহরটিকে বিশ্বে প্রথম অবস্থানে নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়তে থাকে। সকাল ৯টায় ঢাকার বায়ুর মান দাঁড়ায় ২৭৩, তখনও শীর্ষ অবস্থান ধরে রাখে রাজধানী।

ঢাকার পর বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। সেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২২১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুর মান ছিল ১৮৯।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় বা মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৭৩ হওয়ায় রাজধানীর বাতাস বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে কলকাতার বাতাসও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক মৌসুমে বাতাসে ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যাওয়ায় দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।