জাবি ছাত্রদল
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসা চলছে।   ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতা দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই দুই ভাইসহ মোট চারজন দগ্ধ হন। মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুলহাস উদ্দিন।

দগ্ধ ব্যক্তিরা হলেন—জাবি শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং সহোদর দুই ভাই রায়হান ও রাহাত।

স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের হলে থাকতেন।

তারা জানান, আশুলিয়ার ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন সাইফুলের বন্ধু রায়হান ও তাঁর ভাই রাহাত। ওই বাসায় দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ মেটাতে সাইফুল সেখানে যান। এ সময় দুই ভাইয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রায়হান ঘরের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে সাইফুল ইসলাম, মো. হাসিনুর এবং রায়হান ও রাহাত দগ্ধ হন। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে মধ্যরাতে সাইফুল ও হাসিনুরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপর দুই ভাইকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সাইফুল ইসলামের শরীরের প্রায় ৩০ শতাংশ এবং হাসিনুরের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিকে আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুলহাস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পথে থাকতেই খবর আসে, স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেছে। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো স্টেশনে ফিরে যায়।