শীত,  আবহাওয়া অধিদপ্তর, উচ্চচাপ বলয়, কুয়াশা,
শীতের তীব্রতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   ফাইল ছবি

শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই সারাদেশে আবারও শীতের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের তাপমাত্রা নতুন করে কমতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় রাতের দিকে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়বে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময় পার হওয়ার পরই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও মঙ্গলবার থেকে তা আবার কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমার আশঙ্কা রয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে শীতের শুষ্কতা আরও বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তাপমাত্রার ওঠানামা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অফিসের ধারণা, আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও এর পর থেকে শীতের তীব্রতা নতুন করে বাড়তে পারে।