আবহাওয়া অফিস, আইকিউএয়ার
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।   ছবি: সংগৃহীত

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ২৩৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর, যার একিউআই স্কোর ২৫১। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, স্কোর ২৪১। দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি (স্কোর ১৯৪) এবং পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৮৩)।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

একিউআই স্কোর ৩০১ ছাড়ালে বায়ুর মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছে। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদেরও অপ্রয়োজনে বাইরে চলাচল সীমিত রাখার আহ্বান জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় এবং নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার বর্জ্যের কারণে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন তাঁরা।