ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।
সম্প্রতি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন—আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। গোলাম শহীদ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের বাসিন্দা। অন্যরা ভালুকার ভান্ডাবো ও বগাজান এলাকার বাসিন্দা।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে ওই এলাকায় টাকা বিতরণ করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। ঘটনাস্থলে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও অভিযানের সময় সাতজন আটক হন, বাকিরা পালিয়ে যান।
খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। আটক ব্যক্তিরা ভোটারদের মধ্যে টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেন বলে জানান তিনি। পরে সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জব্দ করা হিসাবের খাতায় কোন মহল্লায় কবে এবং কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে—তার বিস্তারিত তথ্য রয়েছে।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার প্রধান নির্বাচনি এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!