বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী 
বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী।   ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। তিনি ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন। 

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এ তথ্য জানান। 

৬৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৮ হাজার ৩৫৬ ভোট।
 
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন।

বিএনপি নেতা মাফতুন আহম্মেদ রুবেল বলেন, আমরা আমাদের এজেন্টদের মাধ্যমে ভোটের ফলাফল পেয়েছি। তাতে জানতে পেরেছি তারেক রহমান ১৫০টি কেন্দ্রেই জিতেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। দেশের ২৯৯টি আসনে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনার কাজ।

তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পৃথকভাবে দুই ধরনের ব্যালট গণনা করবেন।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।

ভোটের দিন সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কেন্দ্র দখল ও জালভোটের চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু জায়গায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হন। খুলনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর মোতায়েনের কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোথাও ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।