নির্বাচন
নির্বাচন কমিশন (ইসি)।   ছবি: সংগৃহীত

এবার নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের সময় ড্রোন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিচ্ছে সংস্থাটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া এক চিঠিতে  এ তথ্য জানানো হয়।

ইসি সূত্র জানায়, আগে কখনো ভবনের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করা না হলেও বর্তমান সময় একটু বেশি ক্রিটিক্যাল। ফলে পরিস্থিতি বিবেচনায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে ইসি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে সারাদেশে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ড্রোন ব্যবহার করতে পারবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ এ ড্রোন ব্যবহার করতে পারবে না। এ ছাড়া ভোটকেন্দ্রের বিদ্যমান সিসি ক্যামেরা ব্যবহার করাসহ যে যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা নেই সেসব কেন্দ্রে ইতোমধ্যে সরকার সিসি ক্যামেরা স্থাপনে অর্থ বরাদ্দ দিয়েছে। সবদিক বিবেচনায় এবার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ড্রোন ব্যবহারের অনুমতি চেয়েছিল। এ ছাড়া ভোটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাইবার মনিটরিং সেল, আইনশৃঙ্খলা বাহিনী সেলসহ একাধিক মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে আমরা মানবিক হব; কিন্তু যারা ভাঙচুর, সহিংসতা, হত্যা করে, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে মাঠপর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র‍্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।

ইসি সুত্র জানায়, নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।