গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট দেখা গেছে।
গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট দেখা গেছে।   ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। তিনগুন ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা ও গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে যানবাহন।

সকাল থেকেই যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। 

সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশ শিল্প-কারখানা ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় দেখা যায়। 

সজিব হোসেন নামে এক যাত্রী বলেন, গতকাল ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে বের হয়েছি। কিন্তু প্রচুর জ্যামের কারণে গাড়ি চলছে না। পরে আজ সকালে এসে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছি। 

পোশাক শ্রমিক আশা বেগম বলেন, আমি ভোট দিতে যাব গ্রামের বাড়িতে। রাস্তায় প্রচুর যানজট, কোনো গাড়িতে ন্যায্য ভাড়ায় উঠতে পারছি না। 

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর বাসের চালক আব্বাস উদ্দিন বলেন, যাত্রী নিয়ে রাত ১টায় সাভারে এসে পৌঁছেছি। সকাল হয়েছে চন্দ্রা বাস কাউন্টার পর্যন্ত আসতে। তিনি বলেন, যাত্রীর চাপ অতিরিক্ত থাকায় পরিবহনের ভাড়া বেড়ে গেছে। অনেক গাড়ি যানজটে আটকে আছে।

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম  বলেন, নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানা ছুটি হয়েছে। শ্রমিকরা বাড়িতে যাচ্ছেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে।

এমআর/আরটিএনএন