কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ।
কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ।   ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে প্রত্যাহার করা হয়েছে।

পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগমুহূর্তে করমজা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালবেলা ভোট গ্রহণ শুরুর প্রস্তুতির সময় জামায়াতের ওই এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে গেলে বাধা দেন। এ নিয়ে কেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়। 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে সাধারণ ভোটাররা। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই নেওয়ার অভিযোগে ‎ঝিনাইদহ-৪  আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে।

বুধবার রাতে ‎জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।’

‎নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

এর আগে ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। উদ্ধার করা রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট ও ৭টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দ করা রেজাল্ট শিট ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করে। নতুন কর্মকর্তা নিয়োগ করেন।

প্রিজাইডিং কর্মকর্তারা হলেন- ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।