শেরপুর, ব্যালট উদ্ধার
শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।   ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ইউএনও মাহবুবা হক জানান, সিল মারা ব্যালটগুলো ব্যালট বাক্সে ফেলার আগে জব্দ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মেরেছিলেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে আসার পর সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার পর ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, এই ঘটনা শুনেছি। দয়া করে কেউ এমন কাজ যেন না করে। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

একই কেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল ১০টার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষে থাকা তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। এর মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই উদ্ধার করা হয়েছে। তবে একটি জাতীয় সংসদ এবং একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার হয়নি। ঘটনার পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেরপুরে মোট তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ৭টার আগে থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল নাগাদ ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে।

শেরপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২, নারী ২ লাখ ২৬ হাজার ৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। আসনে মোট ১৪৫টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার সব কেন্দ্রে ভোটগ্রহণ চলমান রয়েছে।