চাঁদাবাজি, লেগুনা চালক
খায়রুল আলম।   ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ি-চিটাগাং রোডে চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম খায়রুল আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, খায়রুল গত শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ির সুফিয়া গার্মেন্ট সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে পৌঁছালে হৃদয় নামের অন্য এক চালক এবং তার সহযোগীরা তাকে বেদমভাবে পিটিয়ে জখম করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খায়রুলের বাবা মোয়াল্লেম সর্দার শনিবার মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের অভিযোগে অন্তত ৮ জনকে আসামি করা হয়েছে।

সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ি- চিটাগাং রোড সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক ১ হাজার টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ি থানা পুলিশের নামে ৫০০ টাকা ও লাইন ম্যানের জন্য ৪০ টাকা হারে আদায় করা হয়। এ চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি ও চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুর বিকাল পৌনে ৩টার সময় যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক চালকরা এসব তথ্য জানিয়েছেন।

তবে পুলিশ বলছে, হত্যাকান্ডটি চাঁদার জন্য নয়, সিটে যাত্রী উঠানোকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে যাত্রী নেওয়ার বিরোধ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিহতের ছোট বোন আছিয়া আক্তার বলেন, ‘আমার ভাই একমাত্র পরিবারে সব দায়িত্বভার বহন করতেন। আমরা চাই এ হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক।’

এ ঘটনার পর শনিবার সকালে লেগুনা চালকরা এক ঘণ্টারও বেশি সময় ধরে সড়কে লেগুনা চলাচল বন্ধ রাখেন।