ইনকিলাব, জামায়াত
ইকবাল হাসান মাহমুদ টুকুর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।   ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, মন্ত্রীর মন্তব্য কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তিনি এই মন্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জুবায়ের বলেন, ‘ইনকিলাব’ শব্দটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা জনগণের ব্যবহারে সমৃদ্ধ হয়, বিকশিত হয় এবং নিজস্ব রূপ লাভ করে। কোনো শব্দের উৎসভিত্তিক দৃষ্টিকোণ থেকে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।

তিনি আরও বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো একচেটিয়া গোষ্ঠীর স্লোগান নয়, এটি শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। দেশের জনগণ যখন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

জুবায়ের মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলেছেন এই স্লোগান উচ্চারিত হলে আপনার ‘রক্তক্ষরণ’ হয়, অথচ জনগণের অধিকার হরণ, দুর্নীতি ও বিদ্যুৎ-জ্বালানি খাতে অনিয়ম জাতীয় সমস্যা আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় না। এ ধরনের বিষয়গুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব।

শেষে তিনি দেশের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি করেন এবং সতর্ক করেন, অন্যথায় জনগণই এর যথাযথ জবাব দেবে।